নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভা হতে লাইসেন্স প্রাপ্তির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, জেলা প্রশাসক চুয়াডাঙ্গা ও পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখা। গত বুধবার এ আবেদনপত্র বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হয়। বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মনতাজুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু সাক্ষরিত আবেদন পত্রে উল্লেখ করা হয়, চুয়াডাঙ্গা জেলায় প্রায় ১০ হাজার অটোবাইক চলাচল করছে। এর সাথে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান জড়িত। বিভিন্ন সময় প্রশাসনিক অভিযানের নামে অটোবাইক আটক করা হয়। যার ফলে মালিক ও শ্রমিকরা নির্যাতনের শিকার হয়। ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জয়েনস্টক কোম্পানি হতে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি রেজিঃ নং- এস-১১৩৮৭ নিবন্ধন লাভ করেছে। তাই বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যরা চুয়াডাঙ্গা পৌরসভা হতে লাইন্সে প্রাপ্তির জন্য আশু হস্তক্ষেপ কামনা করেছে।
