নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নাশকতার প্রস্তুতির সময় বিএনপির ৫ কর্মিকে আটক করেছে পুলিশ। একই সাথে উদ্ধার করা হয়েছে ৫টি বোমাসাদৃশ্য বস্তু। গত মঙ্গলবার দিনগত রাতে গাড়াবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেকের নেতৃত্বে একটি টিম সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কওমি মাদ্রাসার অদূরবর্তী মাঠে অভিযান চালায়। এসময় বিএনপির ৫ কর্মিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ৫টি বোমাসাদৃশ্য বস্তু। গ্রেফতারকৃতরা হল- গাড়াবাড়িয়া গ্রামের শাহাজুলের ছেলে সেলু (২৮), মৃত সদর আলী ম-লের ছেলে আব্দুল মান্নান (৩৮), মৃত দুখু ম-লের ছেলে জালাল উদ্দিন (৪৭), মৃত বাবর আলী ম-লের ছেলে খলিল (৬২) ও কালুপোল গ্রামের মৃত ইন্তাজ আলী ম-লের ছেলে রবিউল ইসলাম (৬৪)। পরে সদর থানার এসআই নাহিরুল ইসলাম বাদী হয়ে আরও ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০/৯০জনকে আসামী করে মামলা দায়ের করে।
