কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে সজল বিশ্বাস (২৪) নামে এক ট্রেনযাত্রীকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গত রবিবার রাত পৌনে ৪টার দিকে কোটচাঁদপুর রেলস্টেশনের প্লাটফর্মের উপর এ ঘটনা ঘটে। সজল বিশ্বাস কোটচাঁদপুরের পার্শ্ববর্তী এলাকার সুন্দরপুর লোকাল রেলস্টেশনের ওয়েম্যান সঞ্জয় বিশ্বাসের ছেলে। ভুক্তভোগী সজল বিশ্বাস জানান, বাবার কর্মস্থলে যাওয়ার জন্য ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনযোগে তিনি গতরাত পৌনে ৪ টার দিকে কোটচাঁদপুর রেলস্টেশনে নামেন। এ সময় ৩/৪ জন ছিনতাইকারী তাকে ধরে জোর করে মোবাইল ফোন কেড়ে নিতে গেলে তাতে বাধা দেন সজল। ছিনতাইকারীরা এসময় সজলের পেটে ছুরিকাঘাত করতে গেলে তিনি হাত দিয়ে বাধা দেলে তার বাম হাতের কব্জির উপরে কেটে যায়। পরে ছিনতাইকারীরা তার দামি মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। স্টেশন মাষ্টার গোলাম মোস্তফা বলেন, রেলের একজন কর্মচারীর ছেলেকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাইয়ের ঘটনাটি আমি শোনার পর ওসি সাহেবকে জানিয়েছি। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, মোবাইল খোয়ানোর অভিযোগ পেয়েছি, তবে বিষয়টি রেলের ঘটনা হওয়ায় এ বিষয়ে ব্যবস্থা নেয়া রেল পুলিশের দায়িত্ব।
