আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: জীবননগর উপজেলার দেহাটিতে কনটেক কন্সট্রাকশন মিলস লিমিটেডের যান্ত্রিক দূর্ঘটনায় আবু সিদ্দিক (৪০) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আবু বকর সিদ্দিক উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডুমুরিয়া গ্রামের মৃত ই¯্র্রাফিল মাষ্টারের ছেলে। গতকাল সোমবার ভোরে এ দূর্ঘটনা ঘটে। জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের ৩ সন্তানের জনক আবু সিদ্দিক দেহাটি কনটেক কন্সট্রাকশন মিলের নিয়মিত একজন শ্রমিক। তিনি গত রোববার দিনগত রাতে মিলে কর্মরত থাকাকালে ভোর ৫ টার দিকে যান্ত্রিক দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। মিল কর্তৃপক্ষ তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বেলা ১০টার দিকে মিল কর্তৃপক্ষ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে পরিবাবের সদস্যদের সাথে আপোষ মিমাংসায় বসেন। আপোষ মিমাংসার পর কোন আপত্তি না থাকায় তার লাশ মিল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করেন। গতকাল সোমবার বেলা ২টায় ডুমুরিয়া ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তার লাশ স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় কোন মন্তব্য পাওয়া যাইনি।
