তিন সিটিতে সংশয় শঙ্কা, অভিযোগ, হয়রানি

আপলোড তারিখঃ 2018-07-13 ইং
তিন সিটিতে সংশয় শঙ্কা, অভিযোগ, হয়রানি ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের অভিযোগ ও শঙ্কা ততই বাড়ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সরকারি দলের প্রার্থী ছাড়া অন্যরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে আসছিলেন। প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার শুরুর পর থেকে প্রার্থীদের এ অভিযোগ বাড়ছে। প্রচারে সমান সুযোগ মিলছে না এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ ক্ষমতাসীন দলের প্রার্থীদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী কাজে বাধার অভিযোগ করছেন কোনো কোনো প্রার্থী। খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আগেই প্রার্থীদের কাছ থেকে একই অভিযোগ এসেছিল। তখন নির্বাচন কমিশন প্রার্থীদের নানা আশ্বাস দিলেও নির্বাচনে অনিয়ম-জালিয়াতির ঘটনা ঘটে, যা নির্বাচন কমিশনের তদন্তেও উঠে আসে। এমন অবস্থায় ৩০ শে জুলাই তিন সিটির নির্বাচনে আগের দুই নির্বাচনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। তিন সিটির নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বৈঠক করেছে ইসি। বৈঠকে তিন সিটির নির্বাচন যাতে অতীতের মতো প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। জাতীয় নির্বাচনের আগে এই তিন সিটি নির্বাচন গুরুত্বপূর্ণ উল্লেখ করে সিইসি বলেছেন, সিটি নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বৈঠকের শুরুতেই সিইসি উপস্থিত সবার উদ্দেশে বলেন, এখন থেকে দুই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়ার দিকে যাব। সুতরাং সেই প্রস্তুতির পূর্বকালে এই তিন সিটি নির্বাচন আমাদের নির্বাচন কমিশন, মাঠপর্যায়ে যারা এই নির্বাচন পরিচালনা করবেন এবং এই নির্বাচনে সহায়তাকারী সব কর্মকর্তাসহ সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম ছাড়াও আইজিপি, র‌্যাব মহাপরিচালক, তিন বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে নির্বাচন কমিশন অভয় দিলেও প্রার্থীরা শুরু থেকেই নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছেন। প্রতিন্দ্বদ্বী প্রার্থীদের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের আদেশ অমান্য করে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। এছাড়া ক্ষমতাসীন দলের প্রার্থীর নেতাকর্মীরাও প্রচারে বাধা সৃষ্টি করছেন। সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের মূল লড়াইয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমেদ কামরান ও বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। নির্বাচনী পরিবেশ নিয়ে কামরান সন্তোষ প্রকাশ করলেও আরিফুল হক চৌধুরী শুরু থেকে অভিযোগ করে আসছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)