ছবির ক্যাপশন:
প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত আজ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সফররত সিঙ্গাপুরের বাণিজ্য প্রতিনিধিদল আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করবে। আজ বিকাল ৫টায় প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হবে। প্রতিনিধি দলের আট সদস্যরা হলেন- বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনার এইচ.ই. ডেরেক লোহ, কনস্যুলার উইলিয়ান চিক, বিজনেস ফেডারেশন অব সিঙ্গাপুরের চেয়ারম্যান এস এস টিও, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম) এর প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক, সিঙ্গাপুর ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসআইসিসিআই) এর ভাইস চেয়ারম্যান প্রসুন মুখার্জি, বিজনেস ফেডারেশন অব সিঙ্গাপুর এর সহকারী নির্বাহী পরিচালক কোডি লি, বাণিজ্য মন্ত্রাণালয়ের সহকারী পরিচালক বিবেক রাগুরামান ও এন্টারপ্রাইজ সিঙ্গাপুর এর সিনিয়র ডেভেলপমেন্ট পার্টনার সাবরিনা হো। প্রতিনিধিদলটি বিনিয়োগের নানা সুযোগ-সুবিধা নিয়ে আলোচনাসহ বাংলাদেশে ব্যবসা খাতে বিনিয়োগ সম্ভাবনা ও দু’দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বিস্তারিত আলোচনা করবে বলে জানা গেছে।
উল্লেখ্য, সিঙ্গাপুরের আটত্রিশ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল ৫ দিনের সফরে গত ৭ জুলাই থেকে ঢাকায় অবস্থান করছে। সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন (এসবিএফ) এর চেয়ারম্যান সিয়ং সেং টিও মিশন লিডার এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম) এর প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক ও সিঙ্গাপুর ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর ভাইস চেয়ারম্যান প্রসুন মুখার্জি বাণিজ্য প্রতিনিধি দলটির ডেপুটি লিডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। সিঙ্গাপুর বাণিজ্য প্রতিনিধিদলটির সাথে বাংলাদেশের বেসরকারী খাতের শীর্ষ বানিজ্যিক প্রতিষ্ঠানগুলোর পারস্পারিক আলোচনা চলছে। প্রতিনিধি দলটি তাদের এবারের সফরে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করবেন বলে জানা গেছে।
