আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা লালব্রিজ মোড়ে কুষ্টিয়াগামী একটি খালি ট্রাকের ধাক্কায় ৩টি দোকান ভেঙে গেছে। গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিংকু নামের এক দোকানদার আহত হয়েছে। জানাগেছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্ঠিয়াগামী ট্রাক (কুষ্টিয়া-ট-১১-১৬৩৩) দ্রুতগতিতে আলমডাঙ্গা পশুহাটের যাত্রী ছাউনির সামনের স্পিড ব্রেকার পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ফলের দোকান, একটি ফার্স্ট ফুডের দোকান ও একটি হোটেল ভেঙ্গে দোকানের ভিতরে ঢুকে পড়ে। এসময় ফার্স্ট ফুডের দোকান মালিক রিংকু আহত হয়েছে। দ্রুতগতিতে চালিয়ে আসা ট্রাক দোকানে ঢুকে পড়ায় ৩টি দোকানের টিভি, ফ্রিজ, ফলের দোকানের সমস্ত ফলসহ ৩টি দোকানে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
