নেইমার জাদুতে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

আপলোড তারিখঃ 2018-07-03 ইং
নেইমার জাদুতে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ছবির ক্যাপশন:
স্পোর্টস ডেস্ক: এ যেন ফেবারিটদের পতনের বিশ্বকাপ! ইতিমধ্যে বিদায় নিয়েছে সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, আর্জেন্টিনা ও স্পেন। বিদায়ঘণ্টা বেজেছে শক্তিশালী পর্তুগালের। স্বাভাবিকভাবেই চোখ ছিল পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের দিকে। দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর সামনে অগ্নি পরীক্ষায় পড়ে তারাও। তবে শেষমেশ সেই পরীক্ষায় পাস করেছে সেলেকাওরা। সেরা ছাত্র নেইমারের কাঁধে চড়ে মেক্সিকানদের ২-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে তারা। এক গোল করার পাশাপাশি অপর গোলেও অবদান রেখেছেন সাম্বা প্রাণভোমরা। কোয়ার্টারে ওঠার লড়াইয়ে সামারা এরিনায় মুখোমুখি হয় মেক্সিকো-ব্রাজিল। আক্রমণাত্মক শুরু করে ব্রাজিলিয়ানরা। সেখানে রক্ষণাত্মক সূচনা করে মেক্সিকানরা। নেইমারদের মুহুর্মুহু আক্রমণ রুখে দেয় তারা। এ অর্ধে যেন চীনের প্রাচীর হয়ে উঠেন মেক্সিকো গোলরক্ষক ওচোয়া। দুর্দান্ত সব সেভে ব্রাজিলের নিশানা লক্ষ্যভ্রষ্ট করেন তিনি। মাঝে মাঝে কাউন্টার অ্যাটাকে উঠেছে মেক্সিকো। তবে ভালো ফিনিশারের অভাবে গোল পায়নি তারা। অবশ্য তাতে বড় ভূমিকা ছিল ব্রাজিল রক্ষণভাগের। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পরও আক্রমণের গতি সচল রাখে ব্রাজিল। এবার আর বিমুখ হতে হয়নি তাদের। ৫১ মিনিটে সফল নিশানাভেদে দলকে এগিয়ে দেন নেইমার। তিনি গোল করলেও এর রূপকার ছিলেন উইলিয়ান। বিশ্বকাপে এটি বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের দ্বিতীয় গোল। ৫৬ মিনিটে আবারো গোলের সুযোগ পান নেইমার। তবে তার শটটি গোলবার ঘেঁষে চলে যায়। ৫৯ মিনিটে নিশ্চিত গোল বাঁচান ওচোয়া। ডি বক্সের বাইরে থেকে পাউলিনহোর শর্ট অসামান্য দক্ষতায় সেভ করেন গোটা ম্যাচে অনন্য নৈপুণ্য প্রদর্শন করা এ গোলকিপার। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে মেক্সিকো। ঘন ঘন আক্রমণে উঠে তারা। ৬২ মিনিটে গোলও পেয়ে যাচ্ছিল। তবে কার্লস ভিলার শট অসাধারণ দক্ষতায় রুখে দেন এলিসন। পরক্ষণেও গোল আদায় করতে পারেনি বিশ্বকাপে ১৬ বারের মতো খেলা দলটি। ৮৬ মিনিটে পুরো ম্যাচে নিষ্প্রভ কুতিনহোকে তুলে রবার্তো ফিরমিনোকে নামান ব্রাজিল কোচ তিতে। এতে তাৎক্ষণিকভাবে খেলায় গতি বাড়ে। ফলে আরেকটি গোল পেয়ে যায় তারা। ৮৮ মিনিটে ঠিকানায় বল পাঠান ফিরমিনো। তবে এর কারিগর ছিলেন নেইমার। মাঝমাঠ থেকে বলটি তৈরি করে দেন ব্রাজিল যুবরাজই। শেষ পর্যন্ত নেইমারের নৈপুণ্যে ২-০ গোলের জয় মাঠ ছাড়ে ব্রাজিল। দিনের অপর ম্যাচে জয়ী বেলজিয়ামের দলের সঙ্গেই কোয়ার্টার ফাইনালে লড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)