ছবির ক্যাপশন:
হতদরিদ্র মানুষের জন্য এমন মহতি উদ্যোগ প্রশংসার দাবীদার : ইউএনও রাহাত মান্নান
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান বলেছেন, `ধর্ম যার যার উৎসব সবার` প্রধানমন্ত্রীর এ আহ্বানের যথার্থতা এনেছে তারাদেবী ফাউন্ডেশনের আজকের এই যুগোপযোগী কর্মসূচী।
গতকাল বুধবার বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। খাসকররা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাফসির আহম্মেদ লালের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও তারাদেবী ফাউন্ডেশন জেলা ইউনিটের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান। আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার অধিকারী ও নির্বাহী সদস্য মফিজুর রহমান মাফি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিন রেজা, রিফাত রহমান, গোলাম সরোয়ার, শামিম, সেলিম রেজা তপন ও টুকুল আহম্মেদ।
বিশেষ অতিথির বক্তব্যে রাজীব হাসান কচি বলেন, তারাদেবী ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা আলমডাঙ্গা উপজেলার দুস্থ ও গরীব রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে ১টি এ্যাম্বুলেন্স দেবেন। তবে সেটি সংরক্ষণ ও পরিচালনার জন্য প্রয়োজন জাবাবদিহিমূলক একটি সাংগঠনিক ব্যবস্থাপনা কমিটি। সভাপতির বক্তব্যে তাফসির আহম্মেদ লাল বলেন, তারা দেবী ফাউন্ডেশনের সেবাসহ সকল কার্যক্রমে চুয়াডাঙ্গার সব শ্রেণীর মানুষ সাধুবাদ জানাচ্ছেন। আলোচনা শেষে ভাংবাড়িয়া, কুমারী, কালিদাসপুর, ডাউকি, বেলগাছী, খাসকররা, নাগদাহ, বারাদী, আইঁলহাস, জামজামি, হারদী ইউনিয়ন ও আলমডাঙ্গা পৌরসভার হতদরিদ্র মানুষের মাঝে তারদেবী ফাউন্ডেশন কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অন্যদিকে, এদিন বিকেল ৫টায় মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের সভাপতিত্বে তার বাসভবন সংলগ্ন আম বাগানে জেহালা ও মোমিনপুর ইউনিয়নের গরীব মানুষের মাঝে তারদেবী ফাউন্ডেশনের পক্ষ হতে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে তারাদেবী ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম প্রধান অতিথি ও আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তছলিম উদ্দিন ফিরোজ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আসাদুজ্জামান।
একই দিনে, সকাল ১০টায় তারাদেবী ফাউন্ডেশনের জেলা ইউনিটের উদ্যোগে শহরের পান্না সিনেমা হল চত্বরে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক শেখ সেলিমের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ তারাদেবী ফাউন্ডেশনের উপদেষ্টা সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি তারাদেবী ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম ও তারাদেবী ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মাহাবুল ইসলাম সেলিম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কার্য নির্বাহী সদস্য শাহ আলম সনি, ক্রীড়া সম্পাদক মিলন বিশ্বাস, নির্বাহী সদস্য ডা.তারিকুজ্জামান, আব্দুর রশিদ হীরা এবং নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার সবকটি ইউনিয়ন, পৌরসভা এবং দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়ন ও দর্শনা পৌরসভার ২ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
