চুয়াডাঙ্গার ঈদ বাজারে ক্রেতারুপী চোরেদের উৎপাত

আপলোড তারিখঃ 2018-06-13 ইং
চুয়াডাঙ্গার ঈদ বাজারে ক্রেতারুপী চোরেদের উৎপাত ছবির ক্যাপশন:
আতঙ্কে তটস্থ ক্রেতা-বিক্রেতারা নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা শহরের গুরুত্বপূর্ণ বিপনী বিতান ও দোকানগুলোতে চোর ও পকেটমারদের উৎপাত আশংকা জনক ভাবে বৃদ্ধি পেয়েছে। এমন অভিযোগ তুলেছে মার্কেটে আসা ক্রেতা-বিক্রেতা ও দোকান মালিকসহ ভুক্তভোগীরা। গত এক সপ্তাহের ব্যবধানে জেলা শহরের সমবায় নিউ মার্কেটের বেশ কয়েকটি দোকান থেকে মালামাল ও দোকানে আসা ক্রেতাদের কাছ থেকে নগদ টাকা খোয়া গেছে। ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ঈদের দিন যতই ঘনিয়ে আসছে শহরের বিভিন্ন মার্কেটে ক্রেতা আসা যাওয়া ততই বৃদ্ধি পাচ্ছে। ক্রেতারা ঈদ উপলক্ষে শেষ পর্যায়ের কেনাকেটায় ব্যস্ত সময় পার করছেন। এ সুযোগে অজ্ঞাত পকেটমার ও চোরচক্র ক্রেতা সেজে প্রবেশ করে মার্কেটে আগত প্রকৃত ক্রেতাদের পকেট কেটে হাজার হাজার টাকা নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে কোন প্রতিকার পাচ্ছে না দোকান মালিকসহ ভুক্তভোগীরা। চোরচক্র অত্যন্ত সংগঠিত ও কৌশলী। তারা বোরকা পরে চোখ মুখ কালো কাপড় আবৃত করে দোকানে প্রবেশ করে। ফলে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ থাকা সত্বেও চোর চিহ্নিত করা দুরূহ হয়ে দাড়িয়েছে। গত ১১ জুন সোমবার সমবায় নিউ মার্কেটের সাজঘর বিপণী বিতানে একটি চুরির ঘটনা ঘটে। তাৎক্ষনিক দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় একজন মহিলা ক্রেতা দোকানে প্রবেশের কিছু মুহূর্ত পর তিনজন মহিলাও ক্রেতারুপে (কালো বোরকা পরিহিত মুখ বাঁধা) ওই দোকানে প্রবেশ করে। এরপর চোর চক্রের একজন প্রকৃত ক্রেতার ব্যাগ থেকে কিছু একটা নিয়ে কৌশলে সটকে পড়ে। পরে মহিলার আহাজারীতে আশপাশের অনেকে একত্রিত হয়েও চোর চক্রের কাউকে আটক কি বা সনাক্ত করতে পারেননি। চোরেরা ওই মহিলার ব্যাগ থেকে নগদ ৮ হাজার টাকা নিয়ে গেছে বলে জানা যায়। একই ঘটনা ঘটে নিউ মার্কেটের নন্দন ফ্যাশন্স এ। নন্দনে পোশাক কিনতে এসে এক ক্রেতা অন্য আরেক ক্রেতার ব্যাগ নিয়ে কৌশলে পালিয়ে যায়। তবে শেষ পর্যন্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চোর ক্রেতাকে সনাক্ত করা যায়। দীর্ঘ ৩/৪ ঘন্টা পর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়। এ ছাড়াও সম্প্রতি মোহন বস্ত্রালয়ে জায়নামায কিনতে আসা এক নারীর পার্সব্যাগসহ নগদ ৫ হাজার টাকা চুরি করে পালায়। গত ৪/৫দিন আগে নিউ মার্কেটের ফাল্গুনী গার্মেন্টস থেকে কার্টুন/বক্স ভর্তি থ্রিপিস চুরি হয়। এ ব্যাপারে নিউ মার্কেটের ব্যবসায়ী নেতা সুমন পারভেজ খান জানান, ঈদ ঘনিয়ে এলেই চোর ও পকেটমারদের উৎপাত বৃদ্ধি পায়। রমজান মাসের শুরু থেকেই চোরেদের উৎপাত লক্ষ্য করে যাচ্ছে। তবে রমজানের মধ্য ভাগের পর থেকে আশঙ্খা জনক হারে বৃদ্ধি পেয়েছে চুরি ও পকেট মারের ঘটনা। সম্প্রতি আমার (নন্দন) দোকানসহ নিউ মার্কেটের বেশ কয়েকটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। প্রতিটি দোকানেই সিসিটিভি ক্যামেরা রয়েছে। তবে চোর চক্র অত্যন্ত কৌশলী ও মুখোশধারী হওয়ায় চিহ্নিত করা যাচ্ছে না। এ সমস্যা মোকাবেলায় প্রশাসনের কার্যকরী হস্তক্ষেপ কামনা করছি। পুলিশ জানিয়েছে, আসন্ন ঈদকে সামনে রেখে শহরবাসীর সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা নিরলস ভাবে কাজ করছে। সমবায় নিউ মার্কেটসহ শহরের গুরুত্বপূর্ন স্থানে পুলিশের টহল অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)