চুয়াডাঙ্গায় ঈদ মার্কেটে কেনাকাটায় উপচেপড়া ভিড়

আপলোড তারিখঃ 2018-06-09 ইং
চুয়াডাঙ্গায় ঈদ মার্কেটে কেনাকাটায় উপচেপড়া ভিড় ছবির ক্যাপশন:
ফেরদৌস ওয়াহিদ: আর সাত দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। চুয়াডাঙ্গায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। ছোট-বড় সব ধরনের মার্কেটে চলছে কেনাকাটার ধুম। ইফতারের কিছুটা সময় ব্যতীত সকাল থেকে একটানা গভীর রাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত শহরবাসী। এরই মধ্যে জেলা সদরসহ দামুড়হুদা, আলমডাঙ্গা ও জীবননগর উপজেলার হাটবাজারগুলোতেও উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই গভীর রাত পর্যন্ত দোকান ও বিপণিবিতানগুলো ক্রেতাসমাগমে মুখর হয়ে উঠেছে। বাহারি পোশাক আর নতুন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে দোকানিরা ক্রেতা আকর্ষণ করছে। তবে দেশি পোশাকের চেয়ে ভারতীয় পোশাকের চাহিদা বেশি। তবে উঠতি বয়সী ছেলেমেয়েদের আকৃষ্ট করে এমন নাম নিয়ে এবারও বাজারে এসেছে আকর্ষণীয় ডিজাইনের সালোয়ার কামিজ, শার্ট, প্যান্ট, টি শার্ট। গৃহিণীদের জন্য পিওর সুতি, সাউথ, কানজিবরন, কাতান, বেনারশি ও জামদানি শাড়িও রয়েছে। রমজানের প্রথমদিকে দোকানে ক্রয়-বিক্রয় কম থাকলেও বর্তমানে অনেক বেশি। ক্রেতাদের ভিড় সামাল দিতে অনেক মার্কেটেই দোকানিদের হিমশিম খেতে দেখা গেছে। ঈদ মার্কেটে ক্রেতাদের মধ্যে সিংহভাগ নারী। নারীরা যাচাই বাছাই করে তবেই তাদের পছন্দের জিনিসটি কিনছেন। কেউবা ভিড় এড়াতে আগে ভাগেই পছন্দের কাপড় কিনে রাখছেন। পছন্দের পোশাকটি কিনতে ক্রেতারা হন্যে হয়ে ঘুরছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে। গত বছরের তুলনায় এ বছর সব পণ্যের দাম বেশি বলে জানান ক্রেতারা। কোথাও একটু বেশি, কোথাও একটু কম। অন্যদিকে বিক্রেতারা বলছেন, দাম বেশি হলেও বেচাকেনা ভালোই হচ্ছে। তবে এতে থেমে নেই ক্রেতারা, সমানতালে চলছে পছন্দের পোশাক কেনা। চুয়াডাঙ্গার সমবায় নিউ মার্কেট, আব্দুল্লাহ সিটি, প্রিন্স প্লাজা, বিগ বাজার, পুরাতন গলিসহ ফুটপাত থেকে শুরু করে মূল দোকানের ভেতরে কোথাও যেন পা ফেলার জায়গা নেই। সব স্থানেই মানুষ আর মানুষ। যেন জনসমুদ্রে পরিণত হয়েছে ঈদ বাজার। ঈদের কেনাকাটায় সকাল থেকে মানুষের ভিড় ছিলই কিন্তু দুপুরের পর থেকে ক্রেতা উপস্থিতি আরও বাড়তে থাকে। দৃশ্যটা এমন যেন সবাই এসেছে ঈদ বাজারে। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ক্রেতাদের চাপে বিক্রেতাদেরও দম ফেলার সময় নেই। চুয়াডাঙ্গার সমবায় নিউ মার্কেট, আব্দুল্লাহ সিটি, প্রিন্স প্লাজা, বিগ বাজার, পুরাতন গলিসহ আশেপাশের মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, গত কয়েকদিনের তুলনায় ক্রেতাদের ভিড় সর্বোচ্চ। সমবায় নিউমার্কেট ও প্রিন্স প্লাজায় ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এ ছাড়া নতুন করে আব্দুল্লাহ সিটিতে তো পা রাখার জায়গায় নেই। ক্রেতা আসছেন, থরে থরে সাজানো বাহারি সব ড্রেস দেখছেন, কিনছেন। এদিকে মার্কেটের পাশ দিয়ে যাওয়া কাস্টমারদের আকৃষ্ট করতে ভেসে আসছে বিক্রয় কর্মীদের হাঁকডাক। বাহারি নিত্য নতুন ডিজাইনের পাশাপাশি দাম তুলনামূলক কম হওয়ায় ক্রেতাদের উপস্থিতি লক্ষনীয়। আর ঈদে তো কথায় নেই। জানা গেছে, এবার জর্জেটের ওপর কাজ করা থ্রিপিস, বুটিকস আইটেমের থ্রি পিস, লন, ভয়েল ও শার্টিনের থ্রি-পিসের চাহিদা বেশি। সমবায় নিউমার্কেটে ঈদের কেনাকাটা করতে এসেছেন ঝুমুর বিশ্বাস। তিনি বলেন, শুধু নিজের কেনাকাটাই নয় ঈদের সময় আত্মীয় স্বজন সবার জন্যই কেনাকাটা থাকে। শুক্রবার ছুটির দিন হওয়ার সবাই মার্কেটে আসায় অতিরিক্ত ভিড় হয়েছে। ফলে কোনো কিছুই ভালো করে দেখে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে না। প্রতিটি দোকানের বিক্রেতারা ব্যস্ত। এ মার্কেটের এক শাড়ী ব্যবসায়ীর সাথে কথা বললে তিনি জানান, মানসম্মত বাহারি ডিজাইনের সব শাড়ি সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। তাই বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এখানে আসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)