মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে এক মহিলার কাছ থেকে অভিনব কায়দায় দেড় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার জাগুসা হাবাসপুর গ্রামের মগবুল হোসেনের স্ত্রী শাহানারা খাতুন (৪০) বৃহস্পতিবার দুপুরে মহেশপুর সোনালী ব্যাংক থেকে দেড় লাখ টাকা উত্তোলন করে মহেশপুর বাজারে কেনাকাটা করার জন্য যায়। মহেশপুর ট্রাফিক মোড়ে পৌছালে এক প্রতারক তার কাপড়ে কি লেগে গেছে বলে ঝেড়ে দিলে সে অচেতন হয়ে পড়ে এবং তার কাছে থাকা দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। তার আত্মীয়-স্বজনরা জানায়, শাহানারার স্বামী বিদেশ থেকে এই টাকা পাঠিয়েছিল। মহেশপুর থানার অফিসার ইনচার্জ লষ্কর জায়াদুল হক জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক প্রকৃত আসামীদের প্রেপ্তারের জোর চেষ্টা চালাচ্ছি।
