নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বড় বাজারের প্রিন্স প্লাজার সামনে রাস্তা পার হওয়ার সময় লাটাহাম্বারের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পক্ষ থেকে লাটাহাম্বার চালকের নামে কোন অভিযোগ না করায় আটককৃত লাটাহাম্বার চালককে ছেড়ে দেয় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। নিহত বৃদ্ধা চুয়াডাঙ্গা জাফরপুড় স্টেডিয়াম পার্শ্ববর্তী এলাকার মৃত মসলেম আলীর স্ত্রী আমেনা (৭০) খাতুন।
চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ বলেন, ব্যস্ত রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা একটি লাটাহাম্বার ধাক্কা দেয় বৃদ্ধা আমেনাকে। এতে বৃদ্ধা আমেনা লাটাহাম্বার গাড়ির চাকার নিচে পড়ে যায়। এ সময় বৃদ্ধা আমেনার মাথায় ও বাম পায়ে গুরুত্বর আঘাত লাগে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে বৃদ্ধা আমেনা মৃত্যুবরণ করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের লাশ বিকালে পরিবারের কাছে হস্তান্তর করে। পরে এশার নামাজের পর জাফরপুড় গ্রাম্য কবরস্থানে তার জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়।
