নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো গ্রামে মায়ের হেসোর কোপে ছেলে মুস্তাকিম (১০) গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে এঘটনা ঘটে। কর্তব্যরত চিকিৎসক মুস্তাকিমের হাতে ২৫টি সেলাই প্রদান করেন। জখম মুস্তাকিম চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের উকতো গ্রামের নতুনপাড়ার নান্টুর ছেলে। জানা গেছে, গতকাল সকালে মুস্তাকিম ও তার মা শিল্পী খাতুন পাশের একটি কলা বাগানে কলা গাছ কাটতে যায়। এসময় অসাবধানতায় পাশে থাকা ছেলের ডান হাতের কনুইতে কোপ দেয়। এতে মুস্তাকিম গুরুতর জখম হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের সদস্যরা জখম মুস্তাকিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক মুস্তাকিমের ডান হাতের কনুইয়ে ২৫টি সেলাই প্রদান করেন। কর্তব্যরত চিকিৎসক বলেন, জখম মুস্তামিকের অবস্থা এখন আশংকামুক্ত বলে জানান।
