আলমডাঙ্গায় যুবলীগের ইফতার মাহফিলে হট্টগোল!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলা যুবলীগের ইফতার মাহফিলে হট্টগোল, হাতাহাতি ও চেয়ার ছুরাছুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানাপাড়া কমিউনিটি সেন্টারে উপজেলা যুবলীগ আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।
উপজেলা যুবলীগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার আলমডাঙ্গা থানাপাড়া কমিউনিটি সেন্টারে উপজেলা যুবলীগ আলোচনাসভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন। ইফতার মাহফিল পূর্বআলোচনা চলাকালে যুবলীগের ৩০/৩৫ নেতাকর্মী অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে প্রধান অতিথি খোকনের নিকট সংগঠনের মধ্যে কেনো বিভাজন সৃষ্টি করা হচ্ছে?- তা জানতে চান। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে হাতাহাতি ও চেয়ার ছুরাছুরি শুরু হয়। এ ঘটনায় ইফতার মাহফিলে যোগ দিতে আসা কর্মীদের অধিকাংশই ইফতার না করেই মাহফিলস্থল ত্যাগ করেন। পরে খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং পুলিশ প্রহরায় অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকনসহ উপস্থিত নেতৃবৃন্দ ইফতার শেষে থানার উদ্দ্যেশে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।
এ বিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন বলেন, ইফতার মাহফিলে একটু তর্কাতর্কি হয়েছিলো। পরে বিষয়টি শান্ত হয়েগেছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ডিউটি অফিসার এই প্রতিবেদককে থানায় অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
