ছবির ক্যাপশন:
হাসাদাহ ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে কেন্দ্রীয় নেতা বাবু খাঁন
জাহিদ বাবু/ মামুন: জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়ন বিএনপির উদ্যেগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার হাসাদহ বাজারের রেজাউল ইসলাম লাল মিয়ার চাতালে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধক্ষ্য ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান খাঁন বাবু। এসময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জাতীয় নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখতে অবৈধ হাসিনা সরকার রাজনৈতিক মামলাকে হাতিয়ার হিসাবে অব্যাহত ব্যবহার করছে। জাতীয়তাবাদী শক্তি জনগণের শক্তি, এ শক্তিকে ভয় ভীতি দেখিয়ে বিচলিত করা যাবে না। বিএনপি জনগণকে সাথে নিয়ে আওয়ামী বাকশালীদের সকল চক্রান্ত মোকাবিলা করতে প্রস্তুত। খালেদা জিয়ার মুক্তির জন্য যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত বিএনপির নেতাকর্মীরা। অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। জনতার ধৈর্যের বাধ ভেঙে গেলে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। তিনি আরো বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি পাতানো সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। তারা দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের হামলা-মামলা দিয়ে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করতে পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে স্বৈরাচারী সরকারকে হটাবে। এজন্য ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানা বিএনপির সভাপতি আক্তারুজ্জান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন ময়েন, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সীমান্ত ইউপির সাবেক চেয়ারম্যান শাহাজান আলী। এছাড়াও হাসাদাহ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, হাসাদাহ ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল আলম লিটন, সামছুল আলম (অবসরপ্রাপ্ত বিজিবি), জসিম উদ্দিন, কবির হোসেন, ছাত্র নেতা খোকন, রাজন, মেহেদি হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। ইফতারের আগে কারাবন্দি অসুস্থ বেগম খালেদা জিয়ার মুক্তি ও লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আরোগ্য লাভসহ দেশে অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
