মিথ্যা তথ্যদাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি এলাকাবাসীর
জীবননগর অফিস: দেশজুড়ে মাদকবিরোধী অভিযানের সুযোগ নিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর ঘটনা ঘটেছে জীবননগরে। মিথ্যা তথ্যদাতার তথ্যের ভিত্তিতে ৫ জনকে আটক করে জীবননগর থানা পুলিশ। পরে আটককৃতরা নিরপরাধ নিশ্চিত হওয়ার পর আটককৃতদের ছেড়ে দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার তারাবির নামাজের পর উপজেলার মনোহরপুরের কালা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয় মজুররা দিনের কাজ শেষে সন্ধ্যায় সানোয়ারের চায়ের দোকানে নিজেদের মধ্যে হাজিরার হিসাব ও মজুরি ভাগাভাগি করছিলো। এমন সময় ৫-৬ জন সাদা পোশাকে এসে পুলিশ পরিচয়ে চায়ের দোকানে তল্লাশী চালায় ও দোকানের নিচ থেকে গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় চায়ের দোকানদার বাক্কা বিশ্বাসের ছেলে সানোয়ার (৪৫), শুকুর আলী মন্ডলের ছেলে কৃষক আকবর, রওশন সর্দ্দারের ছেলে লেবার সর্দ্দার ফয়জুল্লাহ (৪৫) ও বাবু এবং মসলেমের ছেলে কালুকে (২৬) আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। গ্রামবাসী ঘটনাটি জানতে পেরে এই নিরপরাধ ৫ জনকে মুক্ত করতে থানায় উপস্থিত হয়। গ্রামবাসীর বক্তব্যে আটককৃত ৫ জন পুলিশের নিকট নিরপরাধ বিবেচিত হওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে জব্বার মাস্টার ও হাফিজুর রহমান বলেন, পুলিশের মাদকবিরোধী অভিযানকে আমরা সাধুবাদ জানায়। তবে নির্দোষ ব্যক্তিদের মিথ্যা তথ্যের ভিত্তিতে আটক করায় এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা আরো বলেন, কালা গ্রাম থেকে পুলিশ যাদের আটক করেছিল এরা সকলে দিনমজুর এবং প্রতিদিন সন্ধ্যায় ওই দোকানে বসে নিজেদের হাজিরা বুঝে নেয়। এ বিষয়টি জীবননগর থানার ওসি সাহেবকে বললে তিনি বিষয়টি শুনে তাদেরকে ছেড়ে দেন।
এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, একটি ইনফরমেশনের কারনে পুলিশ ওই দোকানে অভিযান চালিয়ে সেখান থেকে কয়েক পুরিয়া গাঁজা উদ্ধার করে এবং তাদের আটক করা হয়। পরবর্তীতে আমি ৫ জনকে দেখে এবং তাদের সাথে কথা বলে নিশ্চিত হয় তথ্যদাতা মিথ্যা তথ্য দিয়ে এদের ফাঁসানোর চেষ্টা করেছে। তাই কালা গ্রামের মুরুব্বিদের হেফাজতে এই ৫ জনকে ছেড়া দেয়া হয়েছে। তিনি আরো বলেন যে ব্যক্তি মিথ্যা তথ্যদিয়ে নিরীহ ব্যক্তিসহ পুলিশকে হয়রানি করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
