আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামের চাঁদ আলীর দোকানের সামনে বোমা বিস্ফোরন ঘটিয়েছে দুর্বৃত্তরা। পূর্ব শক্রতার জের ধরে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আলমডাঙ্গার ছাত্রপাড়া গ্রামের ক্ষিতিস মজুমদার তার কয়েকশত বিঘা জমি ফেলে ভারতে চলে যান। এ জমি নিয়ে গ্রামের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এক পক্ষের নেতৃত্ব দেন গ্রামের শরিফুল; আর অপর পক্ষে জাহাঙ্গীর হোসেন। গত ২১ মে জাহাঙ্গীর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে চাঁদ আলীর চায়ের দোকানে একটি দা রেখে গেছে সন্দেহে দোকানদারকে মারধর করে এবং তার দোকানটি বোমা মেরে উড়িয়ে দেবার হুমকি দেয় একটি পক্ষ। এ ঘটনার একদিন পর বুধবার রাতে ওই চায়ের দোকানের সামনে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ বোমা হামলার ঘটনা ঘটানো হয়েছে। গতকাল সকালে জামজামি ফাঁড়ি পুলিশের আইসি অচিন্ত্য পাল বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে।
