‘বন্দুকযুদ্ধ’ আতঙ্কে মেহেরপুরের মাদকব্যবসায়ীরা!

আপলোড তারিখঃ 2018-05-23 ইং
‘বন্দুকযুদ্ধ’ আতঙ্কে মেহেরপুরের মাদকব্যবসায়ীরা! ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: সারাদেশেই মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে মেহেরপুরের ইয়াবা ব্যবসায়ীসহ জড়িত কতিপয় বিভিন্ন পেশার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাদকবিরোধী অভিযানে র‌্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটছে। প্রতিদিনই লাখ লাখ ইয়াবা ট্যাবলেটসহ মাদকদ্রব্য উদ্ধার হচ্ছে। মেহেরপুর সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদকের ভয়াবহতা অন্য জেলার থেকে বেশি। এবার জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সাঁড়াশি অভিযানে নেমেছে। হঠাৎ করে এমন অভিযানে গাঁ ঢাকা দিতে শুরু করেছেন জেলার চিহ্নিত মাদকব্যাবসায়ীরা। গত কয়েকদিন ধরে জেলার তিন থানায় পুলিশ ও ডিবি একযোগে মাদকব্যবসায়ী ও গডফাডারদের চিহ্নিত করে অভিযান শুরু করেছে। বেশ কয়েকজন মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এই অভিযানে মেহেরপুর শহরের মাদকব্যবসায়ীরা পালাতে শুরু করেছেন। কয়েকদিনের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে র‌্যাব ও পুলিশের অভিযানে মাদকব্যবসায়ীরা বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় মেহেরপুরে মাদকব্যবসায়ীদের ভেতরে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। জানা যায়, সীমান্ত এলাকা থেকে মাদকব্যবসায়ীরা খুব সহজে মাদক কিনে এনে মেহেরপুর শহরসহ দেশের বিভিন্ন জেলায় চালান পাঠিয়ে থাকতো। শহরের বেশ কয়েকজন মাদকব্যবসায়ী রাজনৈতিক ছত্রছায়ায় মাদক ব্যবসা চালিয়ে আসার অভিযোগও আছে। বর্তমানে পুলিশের সাঁড়াশি অভিযানে মাদকব্যবসায়ীদের গাঁ ঢাকা দিতে দেখা গেছে। মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান জানান, প্রতিবছরই কোটি কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হচ্ছে। আর হাজার হাজার মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হচ্ছে। তিনি আরো বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়, তবেই দেশকে মাদকমুক্ত করা সম্ভব। জেলাকে মাদক মুক্ত করতে পুলিশের পক্ষ থেকে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। জেলার মাদকব্যবসায়ীদের একটি তালিকা তৈরি করা হয়েছে। তালিকা ধরে অভিযান চালানো হচ্ছে। মাদকব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে পারলে জেলায় মাদক সেবনকারীর সংখ্যা কমে আসবে। বর্তমানে মাদক একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। মাদকব্যবসায়ীদের সমাজ থেকে নির্মূল করতে সকলের সহযোগিতা চান তিনি। অন্যদিকে ভারতীয় সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে সীমান্ত মাঠে উচু ফসল করতে বিজিবির পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিজিবি বলছে উচু ফসলের কারণে মাদকব্যবসায়ীরা ভারত থেকে খুব সহজে মাদক নিয়ে এসে ফসলি জমিতে লুকিয়ে পড়ে। এতে করে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে বিজিবিকে বিভিন্ন ধরনের বাধা পেতে হয়। এ জন্য সীমান্ত মাঠে উচু ফসল না করতে কৃষকদের নিরুৎসাহিত করা হচ্ছে। এতে সীমান্ত এলাকায় মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামাল জানান, সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে উচু ফসল আবাদে কৃষকদের নিরুৎসাহিত করেছে স্থানীয় বিজিবি ক্যাম্প। এতে চাষীদের কিছুটা ক্ষতি হলেও মাদক ও চোরাকারবারী কমে আসবে বলে তিনি মনে করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)