ছবির ক্যাপশন:
কাজী নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। আগামীকাল শুক্রবার ২৫ মে নজরুলের ১১৯তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে শুক্রবার সকাল ৯টায় দামুড়হুদার কার্পাসডাঙ্গায় কবির স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। পরে স্মৃতি বিজড়িত আটচালা ঘরে মিলাদ, মাহফিল ও দোয়ার আয়োজন করা হবে। জেলা প্রশাসন ও স্থানীয় নজরুল স্মৃতি সংসদ যৌথ ভাবে এ আয়োজন করবে। তবে পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে আপাতত বড় ধরণের উৎসব করা হচ্ছে না। সর্ব সম্মতিক্রমে ঈদুল ফিতরের পর ২৪ ও ২৫ জুন দু’দিনব্যাপি ‘নজরুল জন্মজয়ন্তী উৎসব’র আয়োজন করা হবে। কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে দু’দিন ব্যাপি এ আয়োজন করবে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও স্থানীয় নজরুল স্মৃতি সংগঠন সমূহ।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ’র সভাপতিত্বে বিদ্রোহী কবির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, পুলিশ সুপার প্রতিনিধি ইন্সপেক্টর তোজাম্মেল হক, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা কালচারাল অফিসার জসীম উদ্দীন, জেলা সাংবাদিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, দর্শনা প্রেসক্লাব সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরা।
