জীবননগর অফিস: জীবননগরে কোন নিয়মনীতি ছাড়াই গড়ে উঠছে ইট ভাঁটা। জানা গেছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে মাত্র ৭৬ গজের মধ্যে গড়ে উঠছে ইট ভাঁটা। এই ইট ভাটাটি গড়ে উঠলে কোমলমতি শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নেমে আসবে বলে ধারনা করছেন অভিভাবকসহ স্কুলের শিক্ষকগণ। স্থানীয়রা জানান, বকুল ও তুফান ধান্যখোলা গ্রামের যে স্থানে ইট ভাঁটা তৈরি করার জন্য মাটিসহ বিভিন্ন সরঞ্জাম রাখছে এটি একেবারে অবৈধভাবে তৈরি করা হচ্ছে। এর একটু দূরেই স্কুল রয়েছে। তাছাড়া এই ভাটাটি একেবারে গ্রামের মাঝামাঝি। এটি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্ঠি কামনা করেছেন তারা।
ধান্যখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিন জানান, স্কুলের নিকটে কয়েকদিন ধরে দেখছি ইট ফেলছে এবং বেশ কয়েকটি ট্রাক্টর মাটি এনে স্তুপ তৈরি করছে। এটি দেখে আমরা জানতে পারলাম এখানে ইট ভাটা তৈরি করা হবে। কিন্তু যে স্থানে ইট ভাটা তৈরির জন্য জমি নির্ধারণ করা হচ্ছে এটি একেবারে স্কুলের নিকটে হচ্ছে। যা পরিবেশন দূষনসহ শিক্ষার্থীরা নানা সমস্যয় পড়বে। সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন জানান, ধান্যখোলা স্কুলের পিছনে যে ইট ভাটা তৈরি করা হচ্ছে এ বিষয়টি ইট ভাটার মালিকগণ আমাকে কিছু জানায়নি। তবে স্থানীয় কয়েকজন আমাকে মোবাইল ফোনে বলেছে। যে স্থানে ইট ভাটা তৈরি করার জন্য জমি নির্ধারণ করা হয়েছে এটি স্কুলের একেবারে নিকটে। এখানে ইট ভাটা তৈরি হলে স্কুলের শিক্ষার্থীদের অনেক সমস্যা হতে পারে।
উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ জানান, জীবননগর উপজেলায় যে ভাবে ইট ভাটা তৈরি হচ্ছে তাতে অনেক ভূমি নষ্ঠ হচ্ছে। তাছাড়া বেশির ভাগ ইট ভাটাগুলোই কোন নিয়ম-কানুন মানছে না। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম জানান, ইট ভাটার কালো ধোয়ার কারনে পরিবেশ দূষনসহ শিশু ও বিভিন্ন বয়সের মানুষের শ্বাস কষ্ঠ, নিশ্বাস নিতে সমস্যা, এ্যাজমা জনিত রোগসহ বিভিন্ন ধরনের রোগ হতে পারে। ইট ভাটার মালিক বকুল বলেন, আমি কারও অনুমোদন না নিয়েই ইট ভাটা তৈরির জন্য মাটি ফেলেছি। তবে মাটি জমা রাখছি ঠিকই কিন্তু এখনই ইট ভাটা তৈরি করছি না। যখন করবো তখন অনুমোদন নিবো। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা বলেন, ধান্যখোলা গ্রামে যে ইট ভাটা নির্মাণ হচ্ছে এটির ব্যাপারে আমি কিছুই জানি না এবং আমাদের নিকট ইট ভাটা নির্মাণ করার কোন তথ্য নেই। এটি আপনাদের মাধ্যমে শুনলাম। তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
