জীবননগর অফিস: জীবননগরে মাদকদ্রব্য সেবন করার অপরাধে মো. কাউসার হোসেন (২৫) নামে এক যুবককে ছয় মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এ সাজা দেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, জীবননগর পৌরসভার ৫নং ওয়ার্ডের পুরাতন লক্ষীপুর এলাকায় মাদকদ্রব্য সেবন করে গণউপদ্রবের সৃষ্টি করছিল ওই এলাকার ফখরুদ্দিনের ছেলে কাউসার হোসেন। এমন সংবাদের ভিত্তিতে এসআই কাজী শামসুল আলম, এসআই সাইফুল ইসলাম, এএসআই শাহিদুল ও এএসআই আরিফ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে সেখানে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। তিনি ভ্রাম্যমাণ আদালত বসালে কাউসার তার নিজের দোষ স্বীকার করেন। পরে ওই মাদকসেবীকে ছয় মাসের কারাদ- দেওয়া হয় বলে জানান।
