ছবির ক্যাপশন:
বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবাসহ নগদ ২ লক্ষ টাকা উদ্ধার
মেহেরপুর অফিস: নারায়নগঞ্জে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে রিকন নামের এক মাদকব্যবসায়ী নিহত হয়েছে। রাজমহল ওরফে রিকন মেহেরপুর শহরের পিয়াদাপাড়ার মৃত নিহাজ উদ্দীন তুফানের ছেলে। গতকাল মঙ্গলবার ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ট্রাকযোগে ইয়াবার একটি বড় ধরনে চালান আসছে গোপন সূত্রে এমন খবর পেয়ে নারায়নগঞ্জের আদমজিতে অবস্থিত র্যাব-১১’র একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পায়নাদি এলাকা চেক পোস্টের কাছে অবস্থান গ্রহন করে। ওই সময় র্যাব সদস্যরা ট্রাকটি গতিরোধ করার চেষ্টা করলে ট্রাকের ভিতর থেকে র্যাবকে লক্ষ করে গুলি শুরু করে। এসময় র্যাবও পাল্টা গুলি চালালে রিকন গুলিবিদ্ধ হয়। তার সহযোগিরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দু’পক্ষের গোলাগুলিতে র্যাব-১১ ডিডি রবিউল, আব্দুল আজিজ এবং এসআই নির্মল আহত হয়। তাদের নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে ঘটনার পর পরই তল্লাশি চালিয়ে ২ রাউন্ড গুলি সহ ১টি বিদেশী পিস্তল, ১০ হাজার পিচ ইয়াবা, নগদ ২ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা জানান, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত রিকনের বিরুদ্ধে মেহেরপুর জেলাসহ আর কোথাও মামলা আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
