ঝিনাইদহ অফিস: ঝিনাইদেহর শৈলকুপা উপজেলার লাঙ্গলবাধ এলাকায় নৌকা থেকে পড়ে শ্রীকান্ত কুমার (৫৫) নামে এক ব্যক্তি নিখোজ রয়েছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে গড়াই নদী পার হওয়ার সময় তিনি নিখোঁজ হন। শ্রীকান্ত কুমার রাজবাড়ি জেলার পাংশা থানার আধারকোটা গ্রামের বাসিন্দা। শৈলকুপার লাঙ্গলবাধ পুলিশ ক্যাম্পের আইসি (তদন্ত কর্মকর্তা) সমিরণ কুমার জানান, আজ সকাল ১০টার দিকে শ্রীকান্ত লাঙ্গলবাধ বাজার থেকে কাজ সেরে নৌকাযোগে নাটুরিয়া ঘাটে যাচ্ছিলেন। তিনি আরো জানান, নদীর মাঝপথে নৌকা থেকে তিনি পড়ে নিখোঁজ হন। নদীতে পানি কম থাকার পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখনো শ্রীকান্তের উদ্ধারে স্থানীয় মানুষ, দমকল বাহিনীর সদস্য ও পুলিশ বাহিনী নদীর মাঝে তল্লাসী চালাচ্ছে। এদিকে শ্রীকান্ত কুমারকে উদ্ধার করতে খুলনা থেকে ডুবুরী ডাকা হয়েছে বলেও পুলিশ ক্যাম্পের আইসি (তদন্ত কর্মকর্তা) সমিরণ কুমার জানান।
