ছবির ক্যাপশন:
দামুড়হুদা উজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের
নিজস্ব প্রতিবেদক: জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক নারীকে তার স্বামীর পাশ থেকে তুলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ করা হয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শনিবার দিনগত গভীর রাত ১২টার দিকে দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের খলিফাপাড়ায় এ ঘটনা ঘটে। রাত ২ টার দিকে ওই নারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতনের শিকার নারী মেমজান বেগমের (৩২) অভিযোগ, চুয়াডাঙ্গার রিয়াজুল ইসলাম এবং আনন্দ মিয়ার ছেলে আরিফ হোসেনদের কাছ থেকে মাত্র ২০ হাজার টাকায় আড়াই শতক (২.৫) জমি কিনি আমরা। সেই জমিতেই বর্তমানে আমাদের বসবাস। একই পাড়ার আবুল মালের ছেলে আশরাফ মাল (৪৮) ওই জমির কিছু অংশের শরীক বলে দাবি করে নিজেকে। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে এবং মামলা মোকাদ্দমাও হয়েছে। এ বিরোধ নিয়েই আশরাফ মালসহ একই এলাকার হাশেম খলিফার ছেলে জাহিদুল (৩২), মুক্তার মন্ডলের ছেলে ইনসান (৪৫), জান আলীর ছেলে হাফিজুল (৩৫) ও শমসের আলীর ছেলে আকমত আলী (৩২) তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও নির্যাতন করে। তিনি বলেন, ‘গত শনিবার দিনগত রাতে আমি ও আমার স্বামী বোরহান উদ্দীন ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে আশরাফ মালসহ ৫ জন লোক ঘরে ঢুকে আমার স্বামীকে জাপটে ধরে। আর আমাকে টেনে হেচড়ে বাড়ির পাশের মাঠের মধ্যে তুলে নিয়ে যায়। সেখানে নিয়ে ইনসান ও হাফিজুল আমার দু’হাত ঘাড়ের সাথে বেধে ফেলে। আকমত ও আশরাফ তখন পাশে দাড়িয়ে ছিল। এরপর জাহিদুল আমাকে ধর্ষণ করে; যা আমার মনে আছে। এরপরই আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমার পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।’ তবে এ ব্যাপারে এখনও কোন মামলা করা হয়নি বলে জানান মেমজান। হাসপাতালের বেডে শুয়ে সমাজের বিত্তবান ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।
