আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার আনন্দধামের এক মধ্যবয়সী নারীর বিরুদ্ধে প্রতারণা (ব্লাকমেইল) করে সিরাজুল ইসলাম সিরাজ নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে। গত সোমবার বেলা ১১টার দিকে আনন্দধামে রক্ত পরীক্ষার জন্য গেলে ওই মহিলা তাকে কালাম ল্যাবের পেছনের একটি বাড়িতে বসে বিশ্রাম নেবার কথা বলে নিয়ে যায়। সেখানে কয়েক যুবককে ডেকে তাকে আটকে রেখে টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। একটি সংঘবদ্ধ চক্র এভাবে বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রতারণার শিকার সিরাজুল ইসলাম সিরাজ কুষ্টিয়ার হালসা এলাকার মৃত খোদাবক্স শেখের ছেলে। তিনি আলমডাঙ্গা বণিক সমিতির সদস্য। তিনি ব্যবসায়ী হিসেবে আলমডাঙ্গায় পরিচিত। সিরাজুল ইসলাম জানান, সোমবার বেলা ১১টার দিকে তিনি আনন্দধাম নার্সিং হোমের সামনে রক্ত পরীক্ষার জন্য যান। সেখানে কালাম ল্যাবের সামনে অপেক্ষা করছিলেন। এ সময় ল্যাবের পাশের গলির নিকটে থাকা এক মহিলা তাকে বলেন ডাক্তার এখনই আসবে ভেতরে এসে বসতে। তিনি ভেতর যাবার সাথে সাথে কয়েক যুবক আচমকা সেখানে হাজির হয়ে ছবি তুলে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। একপর্যায়ে ভুজালি মারার হুমকি দিয়ে তার কাছে থাকা টাকা, মোবাইল সেট কেড়ে নেয়। এ সময় তার মোটরসাইকেলও নিয়ে নেবার চেষ্টা করে তারা। এ সময় তিনি প্রাণ ভয়ে কাছে থাকা ৫০ হাজার টাকা তাদের দিয়ে দেন। এদিকে ঘটনার দিন বিকেলে সিরাজুল ইসলাম থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যান। স্থানীয়রা জানান, আনন্দধামের মরহুম ইউসুফ আলীর বাড়ি রোজিনা খাতুন নামের এক মহিলা তার মেয়েকে নিয়ে ভাড়ায় থাকে। অভিযোগ রয়েছে ওই মহিলা ইতিপূর্বেও বেশ কয়েক জনের ছবি তুলিয়ে এভাবে ব্লাক মেইল করে টাকা আদায় করেছে। এরশাদপুর, আনন্দধাম, গোবিন্দপুর কলেজপাড়ার কয়েক জন মিলে একটি চক্র গড়ে তুলেছে। ওই চক্র এভাবে প্রতারনা করে টাকা আদায় করে থাকে। এরাই সোমবার সকালের দিকে এই কায়দায় মহিলা প্রতারনা করে ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা কেড়ে নিয়েছে। এ ঘটনায় সন্ধ্যায় ওই ব্যবসায়ী থানায় মামলা দায়ের করেছে।
