ছবির ক্যাপশন:
আওয়াল হোসেন: দীর্ঘ প্রত্যাশিত খুলনা থেকে দর্শনা রেল জংশন পর্যন্ত প্রায় ১২৭ কিলোমিটার রেলপথ অবশেষে একনেকে অনুমোদন হয়েছে। গতকাল একনেকের বৈঠক শেষে এ অনুমোদন দেয়া হয়েছে বলে বিভিন্ন প্রচার মাধ্যমে মন্ত্রী আ ফ মোস্তফা কামাল জানিয়েছেন। বৈঠকে সরকারের ১৫টি প্রকল্পের মধ্যে ১৩টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। সাড়ে ১৩ হাজার কোটি টাকা ব্যায়ে এসব প্রকল্পের উন্নয়ন হবে বলে বাংলদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এরমধ্যে খুলনা থেকে দর্শনা রেল জংশন পর্যন্ত সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে রেল পথের ডাবল লাইনে উন্নয়ন অনুমোদন করা হয়েছে ওই বৈঠকে। ফলে দর্শনা ও খুলনার মধ্যে ট্রেন চলাচলে সহজ রুট হিসাবে যাত্রী সাধারণের দুর্ভোগ কমে আসবে। এছাড়া খুলনা-রাজশাহী, খুলনা-সৈয়দপুর ও খুলনা-ঢাকার মধ্যে স্বল্প সময়ে সাধারণ যাত্রীরা চলাচল করতে পারবে। এছাড়া দীর্ঘ সময় ট্রেনের জন্য অপেক্ষাও আর করতে হবে না। ডাবল লাইন না থাকায় রেল চলাচলে চরম বিড়ম্বনা পোহাতে হয় ট্রেন যাত্রীদের। এ বিষয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগারের নিকট একনেকে ডাবল লাইনের অনুমোদনের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, গতকাল একনেকের বৈঠকে খুলনা ও দর্শনা রেল সড়কটি ডাবল লাইনে উন্নয়নের বিষয়টি একনেকের সভায় অনুমোদন করা হয়েছে। এখন শুধু অপেক্ষার পালা। আগামী ২০২৩ সালের মধ্যে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে আশা করা হচ্ছে।
