চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নিজস্ব প্রতিবেদক: পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্যের তালিকা প্রদর্শন না করা ও ওজনে কারচুপির অভিযোগে দু’টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ-উল-আলম এ অভিযান পরিচালনা করেন। এ সময় চুয়াডাঙ্গা সাতগাড়ী মোড় এলাকার রাজ সুপার আইসক্রীম ফ্যাক্টারির মালিক আব্দুল হামিদকে ১৫ হাজার টাকা ও বড় বাজারের হোটেল আল আমিনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। উভয়কেই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৪৬ ধারায় দন্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পণ্যের মোড়ক ব্যবহার না করে তা বিপণনের অভিযোগে রাজ সুপার আইসক্রীম ফ্যাক্টারির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মূল্যের তালিকা প্রদর্শন না করা ও ওজনে কারচুপির অভিযোগে হোটেল আল আমিনের কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, জেলা স্যানেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, পেশকার জাহিদুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
