ঝিনাইদহে ২ জনসহ সারাদেশে বজ্রপাতে ৫ জন নিহত

আপলোড তারিখঃ 2018-05-06 ইং
ঝিনাইদহে ২ জনসহ সারাদেশে বজ্রপাতে ৫ জন নিহত ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী এলাকায় হালকা ঝড় ও শীলাবৃষ্টি : বিদ্যুৎ সরবারাহ বন্ধ ফেরদৌস ওয়াহিদ: চুয়াডাঙ্গায় বৃষ্টি হয়েছে। গতকাল বিকেল থেকে চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী এলাকার আকাশে মেঘের উপস্থিতি বাড়তে থাকলেও বৃষ্টি ঝরায় সন্ধ্যার পর। ঠিক কতোটুকু বৃষ্টি হয়েছে তা আবহওয়া অধিদফতরসূত্রে নিশ্চিত তথ্য মেলেনি। তবে বৃষ্টিপাতের পরিমান ৫ মিলিমিটারের অধিক হতে পারে বলে অনেকেরই ধারণা। চুয়াডাঙ্গায় বজ্রগর্ভ মেঘের গর্জন পাওয়া গেলেও গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত বজ্রপাতে তেমন অপ্রীতিকার খবর মেলেনি। তবে ঝিনাইদহে ২ জনসহ সারাদেশে ৫ জন বজ্রপাতে নিহত হয়েছে। রাত থেকেই বৃষ্টির সময় চুয়াডাঙ্গায় বিদ্যুত সরবরাহ বন্ধ থাকে। এদিকে, আজ রোববার থেকে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানা যায়, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে গতকাল সন্ধ্যার পর ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়। গরমে স্বস্তির বৃষ্টির সাথে বজ্রপাতে আতঙ্কগ্রস্ত করে তোলার পর গতকাল সন্ধ্যার পর শুরু হয় ঝড়ো বাতাস। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির সাথে সাথে শুরু হয় শীলাবৃষ্টি। থেমে থেমে কয়েক দফা ঝড় বৃষ্টিতে মাঠের পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গত মধ্যরাতে হালকা ঝড় ও মাঝারি বর্ষণের ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষকরা। এদিকে, হালকা ঝড় ও বৃষ্টিতে গাছপালারও ক্ষয়ক্ষতি হয়েছে। মধ্যরাতে চুয়াডাঙ্গা শহর ঘুরে গাছের ডাল ভেঙে থাকতে দেখা যায়। বৃষ্টি শুরুর পর থেকে চুয়াডাঙ্গা পৌর এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে পড়ে। ফলে চুয়াডাঙ্গা বিদ্যুতবিহীন শহরে পরিণত হয়। দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত এ সংবাদ লেখা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিলো। দেশের তিন জেলায় গতকাল শনিবার বজ্রপাতে কৃষক ও ছাত্রীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সুনামগঞ্জ জেলায় এক এইচএসসি পরীক্ষার্থী ও এক কৃষক, ঝিনাইদহের দুই উপজেলায় কৃষকসহ দু’জন ও কুমিল্লার চান্দিনায় এক কৃষক রয়েছেন। ঝিনাইদহের মহেশপুর ও হরিণাকুন্ডুতে বজ্রপাতে নির্মল কুমার শর্মা (৪৭) ও মানোয়ার হোসেন (৪২) নামে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে বৃষ্টিসহ বজ্রপাতের সময় এ ঘটনা ঘটে। এদের মধ্যে মধ্যে ভালকী হাই স্কুলের দপ্তরী মানোয়ার হোসেন এবং কাঠ মিস্ত্রী নির্মল কুমার শর্মা। জেলার হরিণাকুন্ডু উপজেলার ভালকী গ্রামের নাজিম উদ্দিন জানান, বিকালে ভালকী মাঠে মধ্যে ধান আনতে যায় তার চাচা মানোয়ার। এসময় বজ্রপাতে তিনি নিহত হন। বজ্রপাতে তার শরীরে আগুন ধরে যায়। মাঠের কৃষকরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মনোয়ার ভালকী গ্রামের মৃত ভরসা আলী মন্ডলের ছেলে। এদিকে মহেশপুরে বাতানগাছি গ্রামের নির্মল কুমার শর্মা মান্দারবাড়িয়া ইউনিয়নের মির্জাপুর বাজারে আসার সময় বজ্রপাতে মৃত্যুবরণ করেন। এ সময় তিনি একটি বটগাছের নিচে বসে ছিলেন। বজ্রপাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি বাতানগাছি গ্রামের মদন কুমার শর্মার ছেলে। মহেশপুর থানার ওসি লস্কার জায়াদুল হক এবং মান্দারবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম বজ্রপাতে নির্মল কুমার শর্মার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, আজ রোববার থেকে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সিলেট ও ময়মনসিংহের অনেক জায়গায় বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী ঝড় অব্যাহত থাকতে পারে। সেইসাথে বিজলী চমকানোসহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আজ সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে গেছে। আজ থেকে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের প্রবণতা আরো কমে যাবে। তবে সিলেট ও ময়মনসিংহের অনেক জায়গায় বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী ঝড় অব্যাহত থাকবে। এরপর বৃষ্টিপাতের প্রবণতা ২ থেকে ৩ দিন কিছুটা কম থাকবে। এ সময় বৃষ্টিপাতের সাময়িক বিরতি থাকলেও আগামী ৯ মে থেকে ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলসহ সারাদেশে বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টিপাত হতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)