ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা প্রেসক্লাবে বইয়ের প্রকাশনা ও মতবিনিময়কালে সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা
এসএম শাফায়েত: চুয়াডাঙ্গা প্রেসক্লাবে জমকালো আয়োজনে দু’টি বইয়ের প্রকাশনা ও প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিশিষ্ট শিল্পপতি, এফবিসিসিআই’র পরিচালক, বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালা। এ সময় তিনি বলেছেন, ‘দেশের ১০-১৫টি বৃদ্ধাশ্রম ঘুরে দেখার সৌভাগ্য আমার হয়েছে। দেখেছি বৃদ্ধা মা-বাবার দুঃখ-কষ্ট। ইচ্ছে আছে চুয়াডাঙ্গা জেলাতে একটা বৃদ্ধাশ্রম তৈরী করবো। জেলার বিভিন্ন জায়গায় জমি নেয়া আছে। এ বছরই কাজ শুরু করতে চাই। আমি এমন একটি বৃদ্ধাশ্রম তৈরী করতে চাই যেখানে আমি থাকতে পারবো।’ আর বৃদ্ধাশ্রমটি আমি আমার মায়ের নামে করবো।
গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে দিলীপ কুমার আগরওয়ালার অদম্য বাংলাদেশ ও ডিজিটাল বাংলাদেশ বইয়ের প্রকাশনা উৎসব এবং চুয়াডাঙ্গার আর্থ সামাজিক উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে তাঁরা দেবী ফাউন্ডেশন, চুয়াডাঙ্গা ইউনিট। একই সাথে সিঙ্গাপুর ৫০০ এন্টারপ্রাইজ অ্যাওয়ার্ড ২০১৮ অর্জনের অভাবনীয় সাফল্য উল্লেখ করে সাহিদ গ্রুপের চেয়ারম্যান, বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)’র প্রেসিডেন্ট, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহা. সাহিদুজ্জামান টরিককে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার আগরওয়ালা আরো বলেন, ‘জেলার সাংবাদিকদের কাছ থেকে যে অনুপ্রেরণা পেয়েছি তা আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করেছে। আমি অনুরোধ করবো চুয়াডাঙ্গার উন্নয়ন ও প্রচার প্রসার নিয়ে সকলে এক হয়ে কাজ করুন; আমিও করছি। আমার ব্যবসায় যে পরিমাণ লাভ হয় তার থেকে একটি অংশ জেলার উন্নয়নে কাজে লাগাতে চাই। এ থেকে বছরে ১ থেকে দেড় কোটি টাকা জেলার উন্নয়নে কাজে লাগাতে পারবো। আমি আর বলতে চাইনা, আমি করে দেখাতে চাই। অনেক স্বপ্ন আছে বলে শেষ করা যাবে না।’
চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিদ গ্রুপের চেয়ারম্যান, বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)’র প্রেসিডেন্ট, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহা. সাহিদুজ্জামান টরিক। তিনি বলেন, ‘জেলার সাংবাদিকদের শীর্ষ সংগঠন চুয়াডাঙ্গা প্রেসক্লাব। এখানে আসতে আমার সব সময়ই ভালো লাগে। জেলার উন্নয়নে কোন মতভেদ নেই; দলমত নির্বিশেষে আসুন সবাই মিলে চুয়াডাঙ্গাকে তুলে ধরি। সবার মধ্যেই কোন না কোন গুণ আছে। তা মেলে ধরতে হবে। নিজেকে উপলব্ধি করতে হবে; জাগিয়ে তুলতে হবে নিজেকে। তবেই সফলতা আসবে।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি তৌহিদ হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, চুয়াডাঙ্গার সন্তান অস্ট্রেলিয়া প্রবাসী মনজুরুল ইসলাম জোয়ার্দ্দার, ধর্ণাঢ্য ব্যবসায়ী আলী মর্তুজা তুহিন।
বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শাহ আলম সনি’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক আকাশ খবর’র সম্পাদক ও প্রকাশক এড. তছিরুল আলম মালিক ডিউক, দৈনিক আমাদের সংবাদ’র সম্পাদক রুহুল আমিন রতন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক সভাপতি মাহাতাব উদ্দীন, বাংলাদেশ ইউপি চেয়ারম্যান এ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি জিল্লুর রহমান।
মতবিনিময় ও অতিথিদের বক্তব্য পর্ব শেষে সিআইপি দিলীপ কুমার আগরওয়ালার লেখা অদম্য বাংলাদেশ ও ডিজিটাল বাংলাদেশ বই দু’টির মোড়ক উন্মোচন করা হয়।
