সমীকরণ ডেস্ক: গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সনাতন ধর্মাবলম্বী অধ্যাপক অরুণ চন্দ্র বিশ্বাসের পবিত্র হজে যাওয়ার ছুটির আদেশ বাতিল করা হয়েছে। ছাপা (প্রিন্টিং) ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ শাখার অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল। এ বিষয়ে জানতে চাইলে গতকাল বৃহস্পতিবার মোল্লা জালাল বলেন, এটি ভুলবশত হয়ে গেছে। মূলত প্রিন্টিং ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা তাৎক্ষণিক সংশোধন করে নতুন নির্দেশ জারি করা হয়েছে। মূলত গোপালগঞ্জের সেই শিক্ষক ভারতে তীর্থ স্থান গমনে ছুটি আবেদন করেছিলেন বলে তিনি জানান। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, এ ঘটনার পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে এমন ভুলের কারণ জানতে চান। পাশাপাশি এ ধরণের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সে জন্য কর্মকর্তাদের সর্তক করেন। এর আগে শিক্ষা সচিব সোহরাব হোসাইন নিজেই আপত্তিকর বিষয়টি তার নজরে আসার পর পরই শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ওই আদেশটি তুলে নেয়ার জন্য মন্ত্রণালয়ের আইটি শাখার কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে কলেজ শাখার কর্মকর্তাকে সতর্ক করলেন। উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বী গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাস ভারতে ধর্মীয় উপসনালয় পরিদর্শনের জন্য অবকাশকালীন ছুটি আবেদন করেছিলেন। কিন্তু মন্ত্রণালয় থেকে তাকে সৌদি আরবে হজ্বে যাওয়ার ছুটি দেওয়া হয়েছে! শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মুরশিদা শারমিনের স্বাক্ষরিত এক আদেশে ২৫ জুলাই থেকে ১২ নভেম্বরের মধ্যে অথবা দায়িত্ব হস্তান্তরের তারিখ হতে তাকে ৫০ দিন ছুটি দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-৪ থেকে এই আদেশ জারি করা হয়। মন্ত্রণালয়ের এই আদেশটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
