ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলায় বিজিবি চোরাচালান বিরোধী সফল অভিযান চালিয়ে ৭টি স্বর্ণের বারসহ শাহিন মিয়া (৩২) নামের এক চোরাকারবারীকে আটক করেছে। গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে তাকে দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলা নামক স্থান থেকে আটক করে বিজিবি। আটককৃত আসামী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দুল্লা মুনসুর গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র পরিচালক ইমাম হাসান’র নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল হাবিলদার আবুল বাশারের নেতৃত্বে দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় সেখান হতে শাহিন মিয়া (৩২) নামের এক চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃতর নিকট থেকে উদ্ধার করা হয় ৭টি স্বর্ণের বার। যার ওজন ৮১৫ গ্রাম (৭০ ভরি) এবং আটককৃত মালের আনুমানিক মূল্য ৩৫ লক্ষ টাকা। আটককৃতর নিকট থেকে ৭টি স্বর্ণের বারসহ উদ্ধার করা হয় বাংলাদেশী নগদ ৪ হাজার ৬৬৬ টাকা, একটি এটিএম কার্ড যার মধ্যে ১ লক্ষ ৩২ হাজার টাকা রয়েছে, সীমসহ ২টি মোবাইল সেট এবং ০১টি মানি ব্যাগ। আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য প্রায় ৩৬ লক্ষ ৫৯ হাজার ১৬৮ টাকা। আটককৃত আসামী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দুল্লা মুনসুর গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। আটককৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়। অন্যান্য মালামালসহ আটককৃত আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
