জীবননগর অফিস: জীবননগর থেকে এক স্কুলছাত্রী অপহরণের ৫ দিন পর পুলিশ তাকে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে অপহৃত স্কুলছাত্রীকে জীবননগর মনোহরপুর বাজার থেকে উদ্ধার করে পুলিশ। অপহৃত স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার তরিকুল ইসলাম জীবননগর পৌর শহরের ৩নং ওয়ার্ড ইসলামপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ২১ এপ্রিল বিকেলে জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ শ্রেণীর এক স্কুলছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। এ সময় স্কুলছাত্রী জীবননগর আশতলাপাড়ায় পৌছালে তরিকুলসহ ৪/৫ বখাটে যুবক জোর পূর্বক তাকে একটি মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায়।
স্কুলছাত্রীর মা জেবুননাহার জলি বাদী হয়ে জীবননগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে জীবননগর থানার এসআই শামসুল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে জীবননগর মনোহরপুর বাজার থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও তরিকুলকে গ্রেফতার করে। তরিকুলের সহযোগিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃত আসামী তরিকুলকে আদালতে সোপর্দ করলে আমলী জীবননগর আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল হালিম তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। সন্ধ্যায় স্কুলছাত্রীর জবানবন্দি ২২ ধারায় রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শামিম কবির।
