ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন দুর্ঘটনায় পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। ভুল সিগন্যালের কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২ জন। তাদের মধ্যে সাত জনকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। গতকাল রোববার দুপুর সোয়া ১২টার দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও রেলওয়ে স্টেশন সূত্র জানায়। ফলে রাজধানী ঢাকার সঙ্গে কেবল নারায়ণগঞ্জ ছাড়া সারাদেশের ট্রেন চলাচল পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। সংশ্নিষ্টরা জানান, টঙ্গী স্টেশন থেকে আধা কিলোমিটার দক্ষিণে নতুন বাজার এলাকায় যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনটি দ্রুতগতিতে দুই নম্বর লাইন দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। হঠাৎ করেই ট্রেনচালকের কাছে সিগন্যাল আসে লাইন পরিবর্তনের। এ সময় ঢাকা থেকে একটি ডেমু ট্রেন এক নম্বর লাইন দিয়ে আসছিল। স্টেশন থেকে আচমকা দেওয়া এমন সিদ্ধান্তে দুই নম্বর লাইন থেকে এক নম্বরে পরিবর্তন করতে গিয়ে দ্রুতগামী কমিউটারের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ট্রেনের চালক। লাইনচ্যুত বগিগুলোর গতির কারণে ট্রেনটির দুটি বগি বেশ দূরে সরে যায়। একই ট্রেন বিভক্ত হয়ে পৃথক দুটি লাইনে গিয়ে উঠে পড়ে। ট্রেনের ছাদে থাকা যাত্রীরা ভয়ঙ্কর এমন দৃশ্য দেখে আত্মরক্ষার জন্য লাফিয়ে মাটিতে পড়তে থাকেন। লাফিয়ে মাটিতে পড়ে যাওয়ার পর পেছনের বগিটি তাদের কারও কারও শরীরের ওপর দিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ যুবক। হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।
