ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহর দু’টি হোটেলে মোবাইল কোর্টের অভিযান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজারের শিলন হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং সাথী হোটেল এন্ড রেস্টুরেন্ট নামক দু’টি হোটেলে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট। এক কেজি মিষ্টি সরবরাহের খালি প্যাকেটের গ্রহণযোগ্য পরিমাপ সর্বোচ্চ ৪০ গ্রাম হলেও দু’টি হোটেল থেকে সব্বোর্চ ১৫০ গ্রাম পর্যন্ত পাওয়া গেছে। গ্রহণযোগ্য ওজন তুলণায় বেশি হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় হোটেল দু’টিকে অর্থদন্ড দেয়া হয়েছে। এ ছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুতকৃত মিষ্টি মাটিতে ফেলে বিনষ্ট করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওয়াশীমুল বারীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৮ ও ৫৩ ধারায় পরিমাপে কারচুপি এবং ভোক্তাদের স্বাস্থ্যহানির অভিযোগ প্রমাণিত হওয়ায় শিলন হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার ও সাথী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা টাকা অর্থ দন্ড দেয়া হয়েছে। তাদের হোটেলের এক কেজি মিষ্টি বিতরণের খালি প্যাকেটের ওজন ৪০ গ্রাম গ্রহণযোগ্য ওজনের বীপরিতে ৭০-৮০ গ্রাম পর্যন্ত পাওয়া যায়। একই ভাবে ২ কেজি মিষ্টি বিতরণের খালি প্যাকেটের ওজন ৭০ গ্রাম গ্রহণযোগ্য ওজনের বীপরিতে ১০০-১৫০ গ্রাম পর্যন্ত পাওয়া যায়।
