ছবির ক্যাপশন:
দর্শনার জয়নগর চেকপোস্টে বেনাপোল কাস্টমস্ শুল্ক গোয়েন্দা বিভাগের অভিযান
দর্শনা অফিস: দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৯টি স্বর্ণের বিস্কুটসহ আলামিন সরকার নামের এক স্বর্ণ চোরাকারবারী আটক হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দর্শনা জয়নগর কাস্টম্স থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলামিন সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কশবা উপজেলার গোপিনাতপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
জানা যায়, গতকাল বুধবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শুল্ক গোয়েন্দা সংস্থার একটি স্পেশাল ব্রাঞ্চ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর কাষ্টম্সে চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় আলামিন সরকার (৪৩) নামের এক বৈধ পাসপোর্ট যাত্রীর দেহ তল্লাশী করে তার দুই পায়ের জুতার ভিতর থেকে ১০০ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বিস্কুট মোট ৯০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ৪৫ লক্ষ টাকা।
খুলনা শুল্ক বিভাগীয় উপ-পরিচালক সাইফুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদেরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একজন বৈধ পাসপোর্ট ধারী যাত্রী একটি স্বর্ণের চালান পাচার করতে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোষ্টে অবস্থান করবে। এমন সংবাদ পেয়ে রাজস্ব কর্মকর্তা ছবি রাণি দাশ ও সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে নির্দেশ করলে তারা কাষ্টমস গোয়েন্দা সংস্থার একটি স্পেশাল ব্রাঞ্চ সাথে নিয়ে সকাল থেকেই চুয়াডাঙ্গা জেলার দর্শনা জয়নগর আন্তর্জাতিক কাষ্টমস বিভাগে অভিযান চালায়।
এ অভিযানে আলামিন সরকার নামের এক বৈধ পাসপোর্টধারী যাত্রীর অভিনব কায়দায় লুকিয়ে রাখা পায়ের জুতার মধ্য থেকে ৯ টি স্বর্ণের বিস্কুট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৯টি স্বর্ণের বিস্কুটের ওজন ৯শ’ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৪৫ লক্ষ টাকা। আটককৃত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপিনাতপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। তার পাসপোর্ট নং- বি কিউ-০৪১৯১১২। উদ্ধারকৃত মালামাল স্থানীয় কাস্টমসে জমা দিয়ে গতকালই আসামী আলামিনকে দামুড়হুদা থানায় সোপার্দ করেছে বলে জানা যায়।
