চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের ২০২৬-২০২৭ মেয়াদে নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ সর্বদা প্রতিষ্ঠানের মর্যাদা ও স্বার্থ সংরক্ষণ, কোনো প্রকারের ভয়-ভীতি, অনুরাগ অথবা বিরাগের বশবর্তী হয়ে কারো প্রতি বিরূপ, রূঢ় ও হিংসাত্মক আচরণ করা থেকে বিরত এবং প্রত্যেকের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য বিশ্বস্ততার সাথে পালনের অঙ্গীকার করেন।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কুরআন থেকে তিলাওয়াত করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের নবনির্বাচিত কার্যকরি সদস্য এফ এ আলমগীর। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদ, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির প্রয়াত সকল সদস্য ও দাতা সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জ্যেষ্ঠ সাংবাদিক আজাদ মালিতা, সরদার আল আমিন, এম এম আলাউদ্দিন, কামাল উদ্দিন জোয়ার্দ্দার ও মাহফুজ উদ্দিন খান নির্বাচন কমিশন ও সাংবাদিক নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধান নির্বাচন কমিশনার জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সরোয়ার বাবু দুটি সংগঠনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথবাক্য পাঠ করান। এসময় নির্বাচন কমিশনার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম এম শাহজাহান মুকুল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আসম আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সহ-সম্পাদক ইসলাম রকিবের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার মারুফ সরোয়ার বাবু সাংবাদিকদের এই দুটি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ পেশাজীবী সংগঠন উল্লেখ করে তিনি বলেন, জাতির বিবেক ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক। এই পেশাজীবীরা রাজনীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করেন। কিন্তু, সংবাদ প্রকাশের পর দুর্ভাগ্যজনকভাবে অনেক সিনিয়র সাংবাদিক-সাংবাদিক নেতাদেরকে দেখেছি আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকতে। অথচ, প্রতিকারের জন্য প্রেস কাউন্সিল আছে। ভবিষ্যতে আদালতে কোনো অভিযোগ আসলে তা তদন্তের জন্য আদালত আমাদেরকে দায়িত্ব দিলে আমরা সহযোগিতা করতে পারব।’
নির্বাচন কমিশনার এম এম শাহজাহান মুকুল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা দায়িত্ব দিয়েছিলেন, আমরা কতটুকু পেরেছি আপনারাই বলতে পারবেন। আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে সুন্দর নির্বাচন সম্ভব হয়েছে। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনারা সামনে অগ্রসর হতে চান। দুটি কমিটিতেই অতীতে সম্মানিত বিভিন্ন পদে আসীন সাংবাদিকবৃন্দকে চুয়াডাঙ্গা প্রেসক্লাব এবং সাংবাদিক সমিতি দুটিতে অন্তর্ভুক্ত করে যে দৃষ্টান্ত রেখেছেন, এটি অবিস্মরণীয়। আমরা আশা করি জাতির বিবেক, সত্য এবং ন্যায় কথাটা বলা এবং প্রচার এটি আপনাদের মাধ্যমে হবে। এটি হচ্ছে চুয়াডাঙ্গার মানুষের আশা। আমাকে যদি কোনোদিন আপনাদের প্রয়োজনে লাগে, তাহলে পাশে থাকব।
নির্বাচন কমিশনার আসম আব্দুর রউফ বলেন, প্রকৃত যে ডেমোক্রেসি চর্চা এবং আপনারা মিলেমিশে যে কমিটি করেছেন, এখানে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এ জন্য আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানায়। বিতর্কের ঊর্ধ্বে থেকেই এই কমিটি উপহার দেওয়া সম্ভব হয়েছে। আরেকটি বিষয় আমার ভালো লেগেছে, বিগত সময়ে যারা কমিটিতে প্রেসিডেন্ট-সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তারা সদস্য পদে আসীন হতে ইচ্ছাপোষণ করেছেন, তা সত্যিই অনুকরণীয় দৃষ্টান্ত। আশা করব আপনারা আপনাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন। সামগ্রিকভাবে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন, সেটাই আশা করি।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাজীব হাসান কচি নেতৃবৃন্দসহ সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন, ভেবে চিন্তে চলতে হবে। এবং সময়ের কাজ সময়ে করতে হবে। আমাদের পরস্পরের মধ্যে শ্রদ্ধাবোধের যে জায়গা তা অক্ষুণ্ন রাখতে হবে। কাছাকাছি বসে এককাতারে থেকে আমার নিজেদের কাজগুলো করতে পারি প্রেসক্লাবের যেমন মুখ উজ্জ্বল হবে, তেমনি আমাদের সাংবাদিকতাও উচ্চমাত্রায় চলে যাবে।
বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক সভাপতি সরদার আল আমিন বলেন, প্রধান নির্বাচন কমিশনার মারুফ সরোয়ার বাবু এবং তিন নির্বাচন কমিশনার এম এম শাহজাহান মুকুল, আ স ম আব্দুর রউফ ও আহসান আলীর প্রতি অভিনন্দন জানান। তিনি বলেন, নির্বাচন কমিশন সদস্যরা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার পাশাপাশি আগামীতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। আইনজীবী সমিতির সভাপতি এখানে স্বয়ং সেহেতু সকল আইনজীবীর কাছ থেকেই আমরা সহযোগিতা পাবো। রাশিয়ান লেখক লিও তলস্তয়ের থ্রি কোয়েশ্চিন গল্পের উদ্ধৃতি টেনে তিনি আশা প্রকাশ করে বলেন, প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির কমিটি দুটি উত্তম কাজ উত্তম সময় জেনে সামনের দিকে যাবে, চুয়াডাঙ্গার ভাবমূর্তিকে উজ্জ্বল করবে।
বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আশাবাদ জানিয়ে বলেন, আমরা চেষ্টা করব যথাযথভাবে আমাদের অর্পিত দায়িত্বগুলো পালন করার। আমরা সময়ানুবর্তিতা বজায় রাখব। এজন্য তিনি সকলের কাছে সহযোগিতা চেয়েছেন।
সমাপনী বক্তব্যে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নাজমুল হক স্বপন নির্বাচন প্রক্রিয়া সুচারুভাবে সম্পন্ন করায় নির্বাচন প্রক্রিয়ায় জড়িত প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারবৃন্দকে অভিনন্দন জানান। তিনি বলেন, আমাদের কমিটির বাইরে যেসব সিনিয়র সদস্য আছেন, আল্লাহতায়ালা যতদিন হায়াত রেখেছেন, ততদিন যেন তাদেরকে সম্মানিত করতে পারি, সেই চেষ্টা থাকবে। যে কর্তব্য ও দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়েছে, সেটা যেন আমরা সুচারুরূপে পালন করতে পারি। আমরা সকলের সহযোগিতা চাই। এই প্রতিষ্ঠানটির মান-মর্যাদা-সম্মান ভ্রাতৃত্ববোধ সবকিছু রক্ষা করে আমরা সামনের দিকে পথ চলতে পারি সেজন্য আপনারা দোয়া করবেন।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিতরা হলেন- সভাপতি দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সহসভাপতি রফিক রহমান (এটিএন বাংলা ও এটিএন নিউজ), সাধারণ সম্পাদক প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি, সহ-সাধারণ সম্পাদক জহির রায়হান সোহাগ (স্টার নিউজ ও দৈনিক বাংলা), অর্থ সম্পাদক জামান আখতার (বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪), প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ মামুন (সময় টিভি), ক্রীড়া সম্পাদক খাইরুজ্জামান সেত ু(দেশ টিভি), দপ্তর সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার ( আমার দেশ) এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন ,সরদার আল আমিন (সম্পাদক ও প্রকাশক দৈনিক মাথাভাঙ্গা, প্রতিনিধি বাংলাভিশন), রাজীব হাসান কচি (প্রধান সম্পাদক আজকের খাসখবর, প্রতিনিধি দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল আই), আশরাফুল হক বিপুল আশরাফ (সম্পাদক প্রকাশক আজকের চুয়াডাঙ্গা, প্রতিনিধি এস এ টিভি), ফাইজার চৌধুরী (মাছরাঙা টিভি ও রেডিও টুডে) ও রিফাত রহমান (বণিক বার্তা ও জিটিভি)।
অপর দিকে, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের নবনির্বাচিতরা হলেন- সভাপতি এনটিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, সহসভাপতি মো. পলাশ উদ্দিন (বিজয় টিভি), সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্ত, জাগো নিউজ ও বাংলাদেশ বেতারে প্রতিনিধি হুসাইন মালিক, সহ-সাধারণ সম্পাদক শামীম রেজা (দৈনিক সকালের সময়), অর্থ-সম্পাদক আলমগীর কবির শিপলু (দৈনিক জবাবদিহি), প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান (মানবজমিন), ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা রানা (দৈনিক জনবাণী), দপ্তর সম্পাদক সনজিত কর্মকার (নয়া শতাব্দী ও কলকাতা টিভি) এবং কার্যনির্বাহী সদস্য মিজানুল হক মিজান (দি নিউনেশন ও সোনালী বার্তা), মো. খাইরুল ইসলাম (দৈনিক বর্তমান বাংলা), মো. আজাদ হোসেন (এশিয়ান টিভি ও প্রতিদিনের সংবাদ), এফ এ আলমগীর (দৈনিক সংগ্রাম ও বাংলাদেশ বার্তা) ও মো. আশরাফুল আলম (দৈনিক দেশের বাণী)।
প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৭ এর তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী ২৭ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু, দুটি প্রতিষ্ঠানে একটি করে প্যানেল মনোনয়ন জমা দেওয়ায় নির্বাচন কমিশন ২৩ ডিসেম্বর দুটি প্রতিষ্ঠানে প্রতিদ্বন্দ্বী ২৬ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
সমীকরণ প্রতিবেদক