দেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম নক্ষত্র, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গায় বিশাল দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার একমাত্র তিন তারকা মানের হোটেল ‘সাহিদ প্যালেস’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ঢল নেমেছিল হাজারো মানুষের। দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে এক আবেগঘন পরিবেশে রূপ দেয়।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা শিল্পকলা একাডেমির বিপরীত পাশে অবস্থিত ‘সাহিদ গার্ডেনে’ এই বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মাহফিলের মূল আকর্ষণ ছিল বেগম জিয়ার বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা। চুয়াডাঙ্গা বড় বাজার মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জুনাইদ আল-হাবীবি দোয়া পরিচালনা করেন। মোনাজাত চলাকালীন উপস্থিত হাজারো মানুষ অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীর জন্য রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করেন। দোয়া শেষে আমন্ত্রিত অতিথিদের কুলখানির খাবারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটিতে চুয়াডাঙ্গা জেলার রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট ও সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাহিদুজ্জামান টরিক। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মন্জুরুল আলম মালিক লার্জ ও সদস্যসচিব সুমন পারভেজ খান, চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাড. ওয়াহিদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, জেলা মহিলা দলের সভাপতি রওফ উন নাহার রিনা, সাধারণ সম্পাদক জাহানারা পারভীনসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ ও চুয়াডাঙ্গা জেলাবাসী।
ব্যক্তিগত ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার সাধারণ মানুষ এই কুলখানিতে অংশ নেন। জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সরব উপস্থিতি অনুষ্ঠানটিকে সফল করে তোলে। উপস্থিত বক্তারা বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও মানুষের কল্যাণে তাঁর অবদানের কথা স্মরণ করেন। দোয়া মাহফিল শেষে সুশৃঙ্খলভাবে কুলখানির কার্যক্রম সম্পন্ন হয়।
নিজস্ব প্রতিবেদক