দামুড়হুদায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে দামুড়হুদা সদরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মাহমুদ হাসান খান বাবু বলেন, এ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে অনন্য ও অবিস্মরণীয়। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে তিনি আপসহীন নেতৃত্ব দিয়েছেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান রেখেছেন।
জেলা বিএনপির সভাপতি আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রকামী মানুষের আশা-ভরসার প্রতীক। তাঁর নেতৃত্বে বিএনপি দেশের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করেছে এবং রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার আদর্শ, ত্যাগ ও রাজনৈতিক দর্শন বিএনপি নেতাকর্মীদের জন্য আজও প্রেরণার উৎস। তাঁর দেখানো পথ ও আদর্শ অনুসরণ করেই বিএনপি আগামীর রাজনৈতিক সংগ্রাম ও কর্মসূচি পরিচালনা করবে।
স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুলহাসান তনু, যুগ্ম সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামসহ দামুড়হুদা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
স্মরণ সভায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা থানা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা রায়হান উদ্দিন।
এদিকে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আন্দুলবাড়ীয়া গ্রামের খালপাড়া-দৌসীমানা পাড়া ও ৮ নম্বর ওয়ার্ডের কুলতলা হঠাৎপাড়া মহল্লাবাসীর উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে স্মরণ সভা, রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির প্রবীণ নেতা নুরুজ্জামান নুরু মন্ডলের পুত্র মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।
বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আজিম খান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব এস এম জাভেদ লাল মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান মুক্তার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রহমতুল্লা, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডা. তৈয়েবুর রহমান তৈয়ব প্রমুখ।
সমীকরণ প্রতিবেদক