জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ২০২৫-২৬ কার্যনির্বাহী পর্ষদের নির্বাচনে সভাপতি হয়েছেন সজিব হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. তরিকুল ইসলাম। গত শনিবার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত অনলাইনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন রাতেই ফলাফল ঘোষণা হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণের ইতিহাসে প্রথমবারের মতো এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফারিজুল ইসলাম এবং নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণের উপদেষ্টা মেশকাত আহমেদ রাশেদ, সাবেক সভাপতি মো. মাসুম বিল্লাহ্, শিমুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. মোফাজ্জেল হোসেন ও সজিব। নির্বাচনে মোট ১৩৩ জন ভোটারের মধ্যে মোট ১১২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে শনিবার রাতে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে নির্বাচিত মো. সজিব হোসেন ৮৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাসানুজ্জামান পেয়েছেন ২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম পেয়েছেন ৯১টি। অপর দুই প্রতিদ্বন্দ্বী এসপি প্রদীপ পেয়েছেন ১৬ ভোট এবং মো. আরিফুল ইসলাম পেয়েছেন ৫ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রেদওয়ান ইসলাম, দপ্তর সম্পাদক পদে ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক পদে সাব্বির আহমেদ সুইট ও প্রচার সম্পাদক পদে তাশরিফ আহমেদ নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি সজিব হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল করবে। সকলকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই।’ নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম বলেন, ‘চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের আস্থা ও সক্রিয় অংশগ্রহণে আমরা শান্তিপূর্ণ, স্বচ্ছ ও উৎসবমুখর একটি নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি আমাদের জেলার সকল শিক্ষার্থীর সম্মিলিত সাফল্য। নির্বাচন পরিচালনা কমিটি ও উপদেষ্টামণ্ডলীর সহযোগিতা এ প্রক্রিয়াকে আরও সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ করেছে।’
সমীকরণ প্রতিবেদন